বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, পিআর একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান, যা নির্বাচন প্রক্রিয়াকে বিভ্রান্তিকর করে তুলবে। তার মতে, এই পদ্ধতিতে নির্বাচন হলে সাধারণ মানুষ বিভ্রান্তিতে ভুগবে।
সোমবার রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় ক্যানসারে আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীর সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘একটি ইসলামী দল পিআর-এর জন্য তুমুল আন্দোলনের কথা বলছে, যা একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান। এটির ফলে কারও কল্যাণ হবে না। পরাজিত শক্তির সঙ্গে আঁতাতের রাজনীতি কারও জন্য মঙ্গল বয়ে আনবে না। বরং এতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।’
তিনি ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, ‘শাপলা হত্যাকাণ্ডের সময় হেফাজতের নেতাকর্মীদের রক্ত নিয়ে তামাশা করেছিল শেখ হাসিনা। অপপ্রচার, গণহত্যা দিয়ে মুসলমানদের দমন করা যাবে না।’
এ ছাড়া, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থেকে মাওলানা ফারুকীর প্রতি আন্তরিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য-সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও শাহাদত হোসেন।
এ সময় হেফাজতে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হেদায়েতউল্লাহ কাসেমী, মুফতি জাবের কাসেমী, মাওলানা সানাউল্লাহ মাহমুদী, হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, মুফতি জাকির হোসেন কাসেমী, মাওলানা সালেহ আহমদ আজম এবং মুফতি এনায়েত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


