দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের দায়ে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া এই পরীক্ষায় মোট ২ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।
সোমবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
বোরহান উদ্দিন জানান, সোমবার এইচএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় ১ লাখ ৮ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫ হাজার ৭০২ জন পরীক্ষার্থী উপস্থিত ও ২ হাজার ৮৫২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৬৩ শতাংশ।
শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই পরীক্ষায় সাতজনকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে রংপুরে তিনজন, গাইবান্ধায় দুইজন, লালমনিরহাট একজন ও দিনাজপুরে একজন।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে, রংপুরে ৫৩৬ জন, গাইবান্ধায় ৪৮৬, নীলফামারীতে ৩৫৩, কুড়িগ্রামে ২৯৮, লালমনিরহাটে ২০৫, দিনাজপুরে ৫২৯, ঠাকুরগাঁয়ে ২৫৫ ও পঞ্চগড় জেলায় ১৯০ জন। এ ছাড়া সব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।


