পাহাড়ধসের শঙ্কায় চট্টগ্রামে ৮ আশ্রয়কেন্দ্র প্রস্তুতের নির্দেশ

পাহাড়ধসের শঙ্কায় চট্টগ্রামে ৮ আশ্রয়কেন্দ্র প্রস্তুতের নির্দেশ
Advertisement
Advertisement

টানা ভারী বর্ষণ, জলাবদ্ধতা ও সম্ভাব্য পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় চট্টগ্রাম মহানগরের চার সার্কেলে আটটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে এসব আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পরিস্থিতি সৃষ্টি করেছে। এর ফলে চট্টগ্রাম জেলা ও মহানগরের নিচু এলাকায় জলাবদ্ধতা এবং পাহাড়ধসের আশঙ্কা বেড়েছে।

জেলা প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় মহানগরের চারটি সার্কেলে মোট আটটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হবে।

এর মধ্যে চান্দগাঁও সার্কেলে আল-হেরা মাদ্রাসা ও রশিদিয়া মাদ্রাসা, আগ্রাবাদ সার্কেলে ওয়াইডব্লিউসিএ কমিউনিটি স্কুল এবং ইমরুল কোরআন মহিব্বিয়া দ্বীনিয়া এতিমখানা, কাট্টলী সার্কেলে ফিরোজশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বি ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকলিয়া সার্কেলে লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহিদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখতে বলা হয়েছে।

আদেশে সংশ্লিষ্ট সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আশ্রয়কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দ্রুত মানুষকে সেখানে স্থানান্তরের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে, টানা বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। একই সঙ্গে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার কথাও জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad