এবার মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে যোগ হলো চ্যাটজিপিটি। এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় নির্দেশ (প্রম্পট) দিয়ে তৈরি কিংবা এডিট করা যাবে সব ধরনের প্রেজেন্টেশন স্লাইড।
ওপেনএআই ঘোষণা করেছে, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে এখন সরাসরি চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ মিলবে। এটি সম্পূর্ণ নতুন প্রেজেন্টেশন স্লাইড তৈরির পাশাপাশি ব্যবহারকারীর আগে তৈরি করা বিভিন্ন স্লাইড এডিট ও আপডেট করতে পারবে।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটির অন্যান্য ফিচারের মতোই এই নতুন সুবিধাটিও ব্যবহারকারীর টেক্সট বা মুখের কথার নির্দেশের ওপর ভিত্তি করে কাজ করবে। পাশাপাশি জিমেইল, আউটলুক বা শেয়ারপয়েন্টের মতো যুক্ত থাকা অন্যান্য মাধ্যম থেকে তথ্য নিয়েও স্লাইড বানিয়ে দেবে এই এআই।
পাওয়ারপয়েন্টের এই ফিচারটি বর্তমানে বিটা বা পরীক্ষামূলক সংস্করণে রয়েছে। তবে ওপেনএআইয়ের বেশিরভাগ ব্যবহারকারী এখন এটি ব্যবহারের সুযোগ পাবেন, যার মধ্যে চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারী এবং করপোরেট গ্রাহকদের জন্য তৈরি ‘চ্যাটজিপিটি বিজনেস’ সাবস্ক্রাইবাররাও অন্তর্ভুক্ত রয়েছেন।
অবশ্য এই প্রযুক্তি বাজারে আনতে কিছুটা দেরিই করে ফেলেছে ওপেনএআই। কোম্পানিটির প্রধান প্রতিযোগী অ্যানথ্রপিক গেল সেপ্টেম্বর থেকে তাদের এআই চ্যাটবট ‘ক্লড’-এ এই সুবিধা দিচ্ছে। অন্যদিকে গুগলের এআই চ্যাটবট ‘জেমিনাই’ আগে থেকেই তাদের নিজস্ব ‘স্লাইডস’ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছে।
বর্তমানে ওপেনএআই মোটা অঙ্কের আইপিও বা শেয়ার বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে। ফলে প্রতিযোগীদের সব ফিচারের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের অবস্থান ধরে রাখাটা এখন তাদের প্রধান লক্ষ্য। এ ছাড়া, মাইক্রোসফট এক্সেল ও গুগল শিটসের মতো প্রাতিষ্ঠানিক মাধ্যমগুলোতে চ্যাটজিপিটি আগে থেকেই সক্রিয় ছিল, কেবল পাওয়ারপয়েন্টেই এর অভাব ছিল; যা এবার পূর্ণ করল ওপেনএআই।


