নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষায় সরকার একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার রাজধানীর ধলপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, মশা নিধনের আমদানি করা ওষুধের কার্যকারিতা যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো দ্রুত পরীক্ষা করা হবে।
তিনি স্বীকার করেন, সাম্প্রতিক সময়ে মশার প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণের সাত দিনের মধ্যেই এ বিষয়ে কাজ শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।
‘আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই মশা নিধনকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে কার্যক্রম শুরু করেছি,’ বলেন মন্ত্রী।
তিনি বলেন, পরীক্ষায় ওষুধের কার্যকারিতা না পাওয়া গেলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে এবং ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী নগরবাসীকেও এ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বাড়ির আশপাশে যেখানে পানি জমে থাকে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেন তিনি।


