চট্টগ্রাম নগরের বাকলিয়ায় সেমাই উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে নিম্নমানের সেমাই উৎপাদন ও খাদ্যপণ্যের লেবেলিংয়ে অনিয়মের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে ‘আমান ফুড প্রোডাক্টস’ ও ‘রফিক ফুড প্রোডাক্টস’ নামের দুটি প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠান দুটিতে অনিবন্ধিত উপায়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করা হচ্ছে। এছাড়া খাদ্যপণ্যের মোড়কে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য সংবলিত লেবেল ব্যবহার করা হচ্ছিল।
এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩–এর ৩৯ ও ৪১ ধারায় মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মহানগর কার্যালয়ের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর এবং বাকলিয়া থানা, সিএমপির একটি টিম সার্বিক সহযোগিতা দেয়।


