আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
তিনি বলেন, ‘এ ধরনের অপপ্রচার ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের প্রত্যেক সদস্যের সুনাম ক্ষুণ্ন করবে। এতে লাভবান হবেন গণহত্যাকারীরা।’
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
প্রসিকিউটর তামিম বলেন, ‘কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমার সম্পর্কে ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের উদ্ধৃতি দিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ব্যাপারে আমার সুস্পষ্ট বক্তব্য হলো এসব তথ্য অসত্য, বানোয়াট, বিদ্বেষপ্রসূত ও কাল্পনিক। ব্যক্তিগত প্রতিহিংসা থেকে তিনি এমন তথ্য ছড়াচ্ছেন বলে আমি মনে করি।’
তার বিরুদ্ধে আনা কোনো অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না দাবি করে তিনি বলেন, ‘সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে আমাদের প্রসিকিউশন টিমের পরিচালিত জুলাই গণহত্যা ও গুমের বিচারপ্রক্রিয়া নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আর এজন্য ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে একটি মহল।’
এর ফলে গণহত্যাকারীরা লাভবান হবে এং সামগ্রিকভাবে জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতরা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করেন প্রসিকিউটর তামিম।
তাই এ ধরনের মিথ্যাচার ও ঘৃণ্য অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।


