ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে আড়াই ঘণ্টা আটকে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম খান মিলন।
যথাযথ কূটনৈতিক চিঠি থাকার পরও তাকে দেশে ফিরে আসতে বাধ্য করার ঘটনার কথা উল্লেখ করে তিনি এই সমালোচনা করেন। সোমবার বিকালে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য।
সংসদ সদস্য সাইফুল আলম বিষয়টিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় হিসেবে অভিহিত করে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, যথাযথ কূটনৈতিক চিঠি দেওয়ার পরেও কেন উপদেষ্টাকে ভারতের বিমানবন্দরে বসিয়ে রাখা হলো, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শেষ পর্যন্ত তাকে ভারতে ঢোকার অনুমতি দেওয়া হলেও তিনি অপমানে সেখান থেকে দেশে ফিরে এসেছেন।
এই ঘটনার পেছনে বাংলাদেশের কূটনৈতিক কোনো ব্যর্থতা কাজ করেছে কি না এবং সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চান তিনি।
একইসঙ্গে এই স্পর্শকাতর ও জাতীয় মর্যাদার বিষয়ে সংসদে ৩০০ বিধিতে সংশ্লিষ্ট মন্ত্রীর পক্ষ থেকে একটি স্পষ্ট এবং আনুষ্ঠানিক বিবৃতি দাবি করেন এই সংসদ সদস্য।
অবশ্য সংসদের স্পিকার তার এই বক্তব্যকে পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ না করে বলেন, এটি পয়েন্ট অব অর্ডার হয়নি। তবে চাইলে এ বিষয়ে একটি নোটিশ দিতে পারেন এবং তখন বিষয়টি বিবেচনা করা হবে।


