জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান চীনে অনুষ্ঠেয় ‘ফোর্থ জেনারেল অ্যাসেম্বলি অব এএনএসও অ্যান্ড এএনএসও কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড ইনোভেশনে’ অংশ নিতে পাঁচ দিনের সফরে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এ সম্মেলনে যোগ দেবেন তিনি। রোববার রাতে তিনি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
সফরকালে উপাচার্য এএনএসও আয়োজিত তিনটি পৃথক সেশনে অংশ নেবেন। সেশনগুলো হলো—সায়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট, এআই ডেভেলপমেন্ট অ্যান্ড গভর্নেন্স এবং ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড হায়ার এডুকেশন কোঅপারেশন ইন এসটিইএম।
এ ছাড়া এএনএসও’র দ্বিবার্ষিক প্রতিবেদন উপস্থাপন, সংবিধির সংশোধনী প্রস্তাব, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং পরবর্তী সেশনের জন্য গভর্নিং বোর্ড নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন তিনি।


