সাইফ হাসান ইনিংস বড় করতে পারেননি, তবে নাঈম শেখ, মাহফিজুল রবিন আর মাহিদুল ইসলাম অঙ্কনের ফিফটিতে মান রক্ষা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে নর্থ জোনের বিপক্ষে বিসিএল ওয়ানডে ফরম্যাটের ম্যাচে তিন ফিফটিতে ৫০ ওভার করে ৭ উইকেটে ২৬৪ রান করেছে সেন্ট্রাল জোন।
টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লের পরের ওভারে সাইফকে হারায় সেন্ট্রাল জোন। রবিউল হকের বলে স্বাধীন ইসলামের হাতে ক্যাচ দেন এই ডানহাতি ওপেনার। তবে দ্বিতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে সেই চাপ সামলান নাঈম আর রবিন। এই জুটির পথে ৭৬ বলে ৬৯ রান করে ফিরেছেন নাঈম, ইনিংসে ছিল ৭ চার ও ২ ছক্কা। প্রায় ৯১ স্ট্রাইকরেটে ব্যাট করা নাঈমকে বোল্ড করে থামিয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর।
চারে নামা অধিনায়ক অঙ্কন উইকেটে ছিলেন ইনিংসের শেষ হওয়ার দুই বল আগ পর্যন্ত। তার সাথে ফিফটি ছুঁয়েছেন রবিনও। ৭৬ বলে ৬৩ রান করে উইকেট দিয়েছেন সৌম্য সরকারকে। যদিও এরপর আরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেনদের ব্যর্থতায় মাঝে রান আসেনি। অঙ্কনই টেনেছেন দলকে ব্যাট হাতে। রান আউট হওয়ার আগে ৭৩ বলে খেলেছেন ৬৭ রানের ইনিংস। শেষদিকে ইরফানের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৫।
দুটি করে উইকেট নেন সৌম্য ও তানভীর, ১০ ওভার বল করে ৪৪ রানে উইকেটশূন্য থাকলেও তিন মেইডেন নেন মোস্তাফিজুর রহমান।


