৯৮তম অস্কারে প্রতিনিধিত্ব করেছিল ‘বাড়ির নাম শাহানা’। এর নির্মাতা লীসা গাজী তার দ্বিতীয় চলচ্চিত্রের নাম ঘোষণা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে একই নামে ছবি নির্মাণ করছেন। প্রধান চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, পরীমনি, আনান সিদ্দিকা ও অর্ক দাস।
ঢাকার জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লাকির রহস্যময় মৃত্যুকে ঘিরে সিনেমার মূল গল্প আবর্তিত হয়েছে। এই মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার মিডিয়ায় শুরু হয় তীব্র আলোড়ন ও বিচার-পিপাসু উন্মাদনা। লাকির জা মীরা হয়ে ওঠেন প্রধান সন্দেহভাজন। কিন্তু তিনি কি সত্যিই অপরাধী, নাকি আরও গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে- এই প্রশ্নের উত্তর খুঁজতেই এগোয় ‘শাস্তি’।
রবীন্দ্রনাথের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হলেও ছবিটি নির্মিত হচ্ছে সমকালীন বাস্তবতায়। যেখানে ভার্চুয়াল জীবন, মিডিয়ার বিচার এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এক উন্মত্ত শহরে শাস্তির দাবির মুখে ধীরে ধীরে উন্মোচিত হয় একটি পরিবারের গোপন অন্ধকার, বিশ্বাসঘাতকতা ও নীরব লড়াইয়ের গল্প।
চঞ্চল চৌধুরী বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প শাস্তির আধুনিক ও মনস্তাত্ত্বিক রূপান্তরে কাজ করা যেকোনো অভিনেতার জন্যই বড় পাওয়া। এখানে প্রতিটি চরিত্রের অনেকগুলো স্তর আছে, যা পর্দায় ফুটিয়ে তোলাটা বেশ চ্যালেঞ্জিং।’
পরীমনি বলেন, ‘পরিচালকের যখন আমাকে এই সিনেমার চিত্রনাট্য শোনান, আমি এক মুহূর্তেই রাজি হয়ে যাই। সমসাময়িক প্রেক্ষাপটে এই গল্পের নারী চরিত্রগুলোকে যেভাবে এখানে তুলে ধরা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।’
ছবির মূল গল্প পরিচালকের, সাথে রয়েছেন আনান সিদ্দিকা। চিত্রনাট্য লিখেছেন লীসা গাজী, আনান সিদ্দিকা ও সাদিয়া খালিদ ঋতি। চিত্রগ্রহণ করবেন অ্যালেক্স উনাই।
‘শাস্তি’ প্রযোজনা করছে কমলা কালেক্টিভ (বাংলাদেশ, যুক্তরাজ্য), সানাত ইনিশিয়েটিভ (পাকিস্তান), অডেইশাস অরিজিনালস (ভারত, যুক্তরাষ্ট্র), গুপি বাঘা প্রোডাকশনস (বাংলাদেশ), স্ক্রিনক্সোপ (অস্ট্রেলিয়া) এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ার্কশপ ইনকর্পোরেটেড (হংকং)।
প্রযোজক হিসেবে রয়েছেন লীসা গাজী, আবিদ আজিজ মার্চেন্ট, অপূরভা বাকশী, আরিফুর রহমান। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন সাকিব ইফতেখার, রেইনবো ফং। নির্বাহী প্রযোজক ফয়সাল গাজী, টিউলিপ কবির। সহ-নির্বাহী প্রযোজক আব্বাস নোখাস্তেহ, কাজী রুমা। শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ২০২৬ সালের অক্টোবর-নভেম্বরে, ঢাকায়।


