জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যা মামলার আসামি বারজিস বার্জিস শাবনাম বর্ষার জামিন নামঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ আদেশ দেয়।
বাদীপক্ষের আইনজীবী ইশতিয়াক হোসাইন জিপু বলেন, ‘শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বর্ষাকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন। কিন্ত আমরা বলেছি, জোবায়েদ হত্যার অন্যতম পরিকল্পনাকারী বর্ষা। পরবর্তীতে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।’
এর আগে, গত ১৯ অক্টোবর বংশাল থানাধীন নুর বক্স লেন এলাকায় প্রাইভেট পড়াতে গিয়ে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন। এ ঘটনায় ২১ অক্টোবর বংশাল থানায় জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, বর্ষার সাবেক প্রেমিক মাহির রহমান ও ফারদীন আহম্মেদ আয়লানকে আসামি করে মামলা করেন জোবায়েদের ভাই এনায়েত হোসেন সৈকত। ওইদিনই খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন আসামিরা।
পুলিশ জানায়, প্রেমের দ্বন্দ্ব থেকে এ হত্যার ঘটনা ঘটানো হয়েছে। বর্ষার সঙ্গে মাহিরের নয় বছরের সম্পর্ক ছিল। কিন্তু কিছুদিন আগে বর্ষা ও জোবায়েদের সম্পর্ক হয়। এতে মাহির ক্ষুব্ধ হয়ে ওঠেন। সম্পর্কের টানাপোড়েনের একপর্যায়ে বর্ষা প্রথমে মাহিরকে প্রত্যাখ্যান করলেও পরে আবার যোগাযোগ শুরু করেন। পরে তিনি জানান, জোবায়েদকে তার আর ভালো লাগে না। পরে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা ও মাহির।


