সূচি অনুযায়ী চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচের টস হওয়ার কথা ছিল বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ১টায়। কিন্তু এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের এই ম্যাচ খেলতে মাঠে আসেনি কোনো দলই। বিতর্কিত মন্তব্য করা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করায় বয়কটের মুখে পড়েছে দিনের প্রথম ম্যাচ। যদিও বিসিবি সূত্রে জানা গেছে, দুপুর ২টা ৩০ মিনিটে এই ম্যাচ শুরু হওয়ার ক্ষীণ একটা সম্ভাবনা আছে।
বুধবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের এক মন্তব্যের জেরে ক্রিকেটার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানায়, দিনের প্রথম ম্যাচের আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কট করবেন তারা। গত রাত ৯টা ৩০ মিনিটে জুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কোয়াব সভাপতি ও চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের অধিনায়কত্ব করা মোহাম্মদ মিঠুন। সেখানেই তিনি জানান, দুপুর ১টায় দিনের প্রথম ম্যাচ শুরুর আগেই নাজমুলের পদত্যাগ চান তারা।
নাজমুল পদত্যাগ না করলেও ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে অর্থ বিভাগের প্রধান নাজমুলকে শোকজ করেছে বিসিবি। আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আরো জানায়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে লিখিতভাবে কারণ দর্শাতে হবে।
এর আগে বুধবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নাজমুলকে প্রশ্ন করা হয় বিশ্বকাপে খেলতে না যাওয়া প্রসঙ্গে। তার কাছে জানতে চাওয়া হয়, নিরাপত্তা ইস্যুতে শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের কোনো আর্থিক ক্ষতিপূরণ বিসিবি থেকে দেয়া হবে কি না?
এই প্রশ্নের জবাবে নাজমুল করে বসেন এক বিস্ফোরক মন্তব্য। তিনি বলেন, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, খারাপ খেলে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’
নাজমুলের এমন মন্তব্যের প্রেক্ষিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘ভার্চুয়াল এই সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘যে বোর্ড পরিচালক যেই শব্দগুলো ইউজ করেছেন প্লেয়ারদেরকে নিয়ে এটা প্লেয়ারদের কাছে মোটে একসেপ্টেবল নয়। এটা সব ক্রিকেট প্লেয়ারদেরকে খুবই মর্মাহত করেছে। তো উনি যদি কালকে (বিপিএল) ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা কালকে থেকে সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি।’
এর আগে বিশ্বকাপ ইস্যুতে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে ফেসবুকে পোস্ট করেছিলেন বিশ্বকাপ ইস্যুতে তার এক মন্তব্যের জেরে। নাজমুলের করা সেই মন্তব্যের পরও প্রতিবাদ জানায় কোয়াব। তার সাম্প্রতিক মন্তব্য ও শব্দ চয়নের সমালোচনা করে মিঠুন আরো বলেন, ‘সব ক্রিকেটারদের নিয়ে যে ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে সেটা আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয় এবং আমরা এটা কখনোই আশা করি না। আর বিশেষ করে লাস্ট যেই আমাদের বোর্ড পরিচালক যিনি যেই কথাটা বলেছেন এটা আমাদের পুরা ক্রিকেট অঙ্গনকে খুবই হার্ট করেছে।’
বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে নাজমুল পদত্যাগের ঘোষণা না আসার কারণে একই সময়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আরো একটি সংবাদ সম্মেলন ডেকেছেন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক ও কোয়াব সভাপতি মিঠুন।


