সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। সোমবার তথ্যটি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি একটি চিঠির মাধ্যমে পদত্যাগের ইচ্ছা জানান। তিনি সইসহ পদত্যাগপত্র প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন।
এ ছাড়া, হাইকোর্টের আরেক বিচারপতি মামনুন রহমান গত ফেব্রুয়ারি ই-মেইলে নিজের সইসহ চিঠি পাঠিয়ে পদত্যাগের ইচ্ছা জানান এবং প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।
এরইমধ্যে সুপ্রিম কোর্ট থেকে দুটি পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর মেয়ে বিচারপতি নাইমা হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করেন। পরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেও এলএলএম ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, বার্কলি বা ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লন্ডন বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেন।
নাইমা হায়দার ১৯৮৯ সালে জজ কোর্টে আইনজীবী হিসেবে যোগ দেন। ১৯৯৩ সালে হাইকোর্ট বিভাগ ও ২০০৪ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে নিয়োগ পান। পরে ২০০৯ সালে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। ২০১১ সালের স্থায়ী বিচারপতির দায়িত্ব নেন তিনি।
অন্যদিকে বিচারপতি মামনুন রহমান হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে ২০০৪ সালের ২৩ আগস্ট নিয়োগ পাওয়ার দুই বছর পর হাইকোর্টে স্থায়ী হন।


