ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র হস্তান্তর করেন।
উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ শাহ টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামও বিষয়টি জানান।
তারা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদনপত্র জমা দিয়েছেন। রোববার তিনি শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে এ আবেদনপত্র পেশ করেন। আবেদনে তিনি তার মূল পদ—উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে ফিরে যাওয়ার অনুমতি প্রার্থনা করেছেন।’
সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং শিক্ষা ও গবেষণার উন্নয়নে করণীয় বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান। একই সঙ্গে এসব ক্ষেত্রে তার সহযোগিতা কামনা করেন। এ সময় উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বৃহত্তর শিক্ষাখাতের উন্নয়নে অব্যাহতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
দেশের ক্রান্তিকালীন বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখায় শিক্ষামন্ত্রী উপাচার্যকে বিশেষ ধন্যবাদ জানান এবং ফুলেল শুভেচ্ছা দেন।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি বিকালে ঢাবির অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
সেসময় পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে।’
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট পদত্যাগ করেন তৎকালীন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। এরপর ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. নিয়াজ আহমদ খানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।


