যশোরে নেশার টাকার না পেয়ে ছামিরা ইসলাম (২০) নামের এক গৃহবধূকে তার স্বামী সুজন (২৬) গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটি তামালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছামিরা ইসলাম সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা অভিযোগ করেন, সুজন ও তার স্ত্রী ছামিরা সুজনের ছোটমামা আলামিনের বাড়িতে ভাড়া থাকেন। সকালে নেশার টাকা কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে অভিযুক্ত সুজন (২৬) ধারালো চাকু দিয়ে স্ত্রী ছামিরার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
পরে ঘরের দরজা বন্ধ করে নিজের শরীরের বিভিন্ন স্থানে চাকু দিয়ে আঘাত করেন। খবর পেয়ে স্থানীয় ও পরিবারের স্বজনরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ছামিরাকে মৃত ঘোষণা করেন আর সুজনকে চিকিৎসার জন্য হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে পাঠিয়ে দেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানিয়েছেন, নেশার টাকা নিয়ে স্বামী – স্ত্রীর মধ্যে ঝগড়ার ঘটনা থেকে হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্বামী নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহতের মরদেহ ময়নাতদন্ত জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে তিনি।


