গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার বাংলাদেশ সময় ৬টা ৪৫ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণঅধিকার পরিষদের সভাপতি নুরকে কল করে স্বাস্থ্যের খোঁজখবর নেন।
দলটির (গণঅধিকার পরিষদ) সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কল করেন।’
এ সময় তিনি (তারেক রহমান) নুরুল হক নুরের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে জানতে চান এবং তিনি নুরুল হক নুরের পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।
এর আগে ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন নুরুল হক নুর।
জাতীয় পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৯ আগস্ট রাতে ঢাকার বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন।
গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ ১৮ দিন চিকিৎসা নেওয়ার পর গত ১৫ সেপ্টেম্বর তিনি বাসায় ফেরেন। পরে আবার তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।


