জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার ও ব্ল্যাকমেইলের অভিযোগে করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন আসামি পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী জহিরুল ইসলাম।
তিনি জানান, আদালতে জামিনের স্বপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত সন্তুষ্ট হয়ে তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত শুক্রবার রাতে শেরেবাংলা নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে হাসান নাসিমকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে নিয়ে ফেসবুকে একটি বিদ্রূপাত্মক পোস্ট করেন তিনি।
‘সাগর থেকে ৩টা তিমি মাছ নিয়ে এসেছি, ২টা হাঙর আসতেছে ইনশাআল্লাহ, সবার দাওয়াত: চিফ হুইপ’—এমন ক্যাপশনে পোস্ট করার পাশাপাশি বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ ছাড়া অজ্ঞাতনামা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে চিফ হুইপের ব্যক্তিগত নম্বরে সেসব পোস্টের স্ক্রিনশট পাঠিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টাও করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনায় চিফ হুইপের অনুসারী মো. নজরুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারের পর থেকে হাসান নাসিম কারাগারেই ছিলেন।


