রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনেই প্রায় দেড় হাজার মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিনভর ট্রাফিক পুলিশের অভিযানে মোট এক হাজার ৪৬০টি হয়েছে।
ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, একটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৯২ টি মামলা হয়েছে। ট্রাফিক- লালবাগ বিভাগে ৯০টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৭৯টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে মোট ২৩৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, দুটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ১৪২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে মোট ৩৮২টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮৯টি, ট্রাফিক-গুলশান বিভাগে ১৫১টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযান পরিচালনার সময় মোট ২৭৫টি গাড়িকে ডাম্পিং এবং ১৮০টি গাড়িকে রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশের একাধিক সূত্র।


