ইসলামি সহযোগিতা সংস্থাসহ (ওআইসি) ছয়টি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে যোগ দেবে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের বিষয়ে গণভোটে এসব সংস্থা ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে রাজি হয়েছে।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়- ১৬টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন বৈশ্বিক সংস্থা ও ৩২ জন স্বাধীন পর্যবেক্ষকের সঙ্গে তারা যোগ দেবেন। এ পর্যন্ত নির্বাচনে মোট ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন।
ওআইসি নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার দুই সদস্যের ওআইসি পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন। এ ছাড়া, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে সাতজন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট থেকে একজন পর্যবেক্ষক আসবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিত্বকারী আরও ৩২ জন পর্যবেক্ষক ব্যক্তিগত সক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
নির্বাচনকালে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সমন্বয় তদারককারী সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ বলেন, ‘আমরা আশা করছি আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়বে, কারণ পর্যবেক্ষক দল পাঠাতে আমন্ত্রিত বেশ কয়েকটি দেশ এখনও তাদের প্রতিনিধিদের নাম নিশ্চিত করেনি।’
যেসব আমন্ত্রিত দেশ এখনও তাদের প্রতিনিধিদের নাম নিশ্চিত করেনি, সেগুলোর মধ্যে রয়েছে ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়া।
দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর ফোরাম (এফইএমবিওএসএ) শিগগিরই তাদের প্রতিনিধিদের নাম ঘোষণা করবে বলেও আশা করা হচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, আসন্ন নির্বাচনে এখন পর্যন্ত নিশ্চিত আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত সাধারণ নির্বাচনের দ্বিগুণেরও বেশি।
এর আগে ১২তম, ১১তম ও ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল যথাক্রমে ১৫৮, ১২৫ এবং কেবল চারজন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে এবার ৫০টিরও বেশি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। স্বতন্ত্র প্রার্থীসহ প্রায় দুই হাজার প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার সাধারণ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদ বিষয়ে একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে।


