ধানের শীষে ভোট দিলে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সালাহউদ্দিন

ধানের শীষে ভোট দিলে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সালাহউদ্দিন
নির্বাচনী প্রচারের অষ্টম দিনে দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় সালাহউদ্দিন আহমদ। শনিবার কক্সবাজারের চকরিয়া পৌরসভায় | ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা ধানের শীষে ভোট দিলে দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ‘আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। আপনারা দয়া করে ধানের শীষে ভোট দিলে এ দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।’

শনিবার কক্সবাজারের চকরিয়া পৌরসভায় নির্বাচনী প্রচারের অষ্টম দিনে দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী।

দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে আর কোনো দিন ভোটাধিকার হরণ করা যাবে না। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার কেউ কেড়ে নিতে পারবে না বলেও আশ্বস্ত করেন সালাহউদ্দিন আহমদ।

তিনি উল্লেখ করেন, একটি বৈষম্যহীন সমাজ এবং প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দেশের সন্তানেরা ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে রক্ত দিয়ে গণতন্ত্রকে মুক্ত করেছে। ভবিষ্যতে যেন আর কখনো ভোটাধিকার আদায়ে রক্ত দিতে না হয়, সেজন্য এবারের নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি এবং বাংলাদেশের পক্ষের শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অবস্থান নিতে হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

বিএনপির এই নেতা দাবি করেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষা, নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় বিএনপি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে।

একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি সারা দিন ধানের শীষ প্রতীকে ভোট দিলে দেশে শান্তি, নিরাপত্তা, সুশাসন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলেও আশাবাদী তিনি।

গণসংযোগের শুরুতে সালাহউদ্দিন আহমদ চকরিয়া পৌরসভা এলাকার প্রখ্যাত আলেম মাহমুদুর রহমানের কবর জিয়ারত করেন। পরে তিনি বিমানবন্দর পাড়া, জালিয়া পাড়া, হিন্দু পাড়া, আমাইন্নারচর ও হালকাকারাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।

এ সময় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। গণসংযোগের সময় তিনি সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান।

চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ফখরুদ্দীন ফরায়জী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad