নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার বিকালে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে ভোটকেন্দ্রে জাতীয় নির্বাচনের ভোটের মহড়া শেষে সাংবাদিকদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শৃঙ্খলা বজায় রাখা এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার বিকালে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রে জাতীয় নির্বাচনের ভোটের মহড়া শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মহড়ায় ভোটকেন্দ্রে বডি ওয়ার্ন ক্যামেরা, সিসিটিভি, ড্রোন এবং ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ ২০২৬’-এর ব্যবহার প্রদর্শন করা হয়েছে।

তিনি বলেন, এবারের নির্বাচন পরিচালনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সততা, দক্ষতা ও আন্তরিকতা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন সম্ভব হবে।

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের ভোটকেন্দ্রে না যাওয়ার প্রচারণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের অধিকাংশ নেতা-কর্মী দেশ ছেড়ে পালিয়েছেন এবং দেশে তাদের সমর্থক সংখ্যা খুবই সীমিত। বিদেশে বসে চালানো এমন প্রচারণায় জনগণের সাড়া মিলবে না বলেও তিনি মন্তব্য করেন। সাহস থাকলে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা নেতিবাচক প্রচারণায় কান না দিয়ে স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সহযোগিতা ও অংশগ্রহণে এবারের নির্বাচন হবে সবচেয়ে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর। কারণ, জনগণ আগের তিনটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি।

‘ইলেকটোরাল ম্যানেজমেন্ট এক্সারসাইজ’ শীর্ষক ভোটের মহড়ায় একটি ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও ভোটগ্রহণ প্রক্রিয়ার সব ধাপ প্রদর্শন করা হয়।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএমসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান, বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad