জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘আমরা পরিষ্কারভাবে এটা বলে দিয়েছি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে পুরো বিএনপির অবস্থান ছিল যে, দুইটা আলাদা ব্যালটের মাধ্যমে গণভোট আর নির্বাচন একই দিনে হবে। গণভোট আগে হবে এটার সঙ্গে বিএনপি একমত নয়। এটা দিনের আলোর মতো পরিষ্কার। এ ধরনের বিষয়কে সামনে আনার কোনো সুযোগ নেই।’
মঙ্গলবার বিকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘গণভোট আগে কেনো হবে? এ নিয়ে যারাই প্রতিবেদন দিক সেটা তাদের সমস্যা। এটা বিএনপির সমস্যা না। আমাদের অবস্থান পরিষ্কার। গণভোট আগে, এ বিষয়ে বিএনপি ঐকমত্য পোষণ করে না, সেহেতু সেদিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই।’
‘এ নিয়ে আর আলোচনার কোনো সুযোগ নেই। নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট ও নির্বাচন হবে, এটাই বিএনপির অবস্থান। এই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেরও এর পরিবর্তন হবে না,’ যোগ করেন তিনি।
অপর এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘কারা কী সুপারিশ করেছে জানি না। যারা সুপারিশ করেছে তারা নির্বাচন করবে না, ভোট করবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। সুপারিশ অনেকে অনেক কিছু করতে পারে।’
তিনি বলেন, আমাদেরও অনেকগুলো সুপারিশ ছিল যেগুলো ঐকমত্য আসেনি। ‘ইট ডাজেন্ট মিন দ্যাট’এটা আমাদের জাতীয় সদনে সই করতে পারবে না, সই করেছে তো, যতটুকু ঐক্যমত্য হয়েছে। একটা বিষয় বুঝতে হলে ঐক্যমেত্যে সমাধান হতে হবে। ঐক্যমত্যের বাইরে গিয়ে কে কী বলছে, কে কী সুপারিশ করছে এটা তাদের ব্যাপার। ঐক্যমত্যের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই বলেও তিনি জানান।
ব্রিফিংয়ের আগে মঙ্গলবার বিকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব মন্তব্য করেন।


