নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে একই ফ্রেমে দেখা যাওয়ায় সামাজিক মাধ্যমে তৈরি হয়েছিল ব্যাপক কৌতূহল। অবশেষে সেই রহস্যের ব্যাখ্যা দিলেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। জানা গেছে, তারা একসঙ্গে অভিনয় করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।
শুক্রবার (২২ মে) রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশ করেন জায়েদ খান। সেখানে দেখা যায়, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। পোস্টটির ক্যাপশনে জায়েদ লেখেন, ‘আসলে কী হচ্ছে এটা? মেয়র জোহরান মামদানি আমার কাঁধে হাত রাখছে? চমৎকার!’
পরে সাংবাদিক খালেদ মুহিউদ্দিনও একই পোস্টার শেয়ার করে লেখেন, ‘সবাই জানেন, কে বড় তারকা… এবার দেখার পালা কে বড় অভিনেতা…’। এরপর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা ও জল্পনা। অনেকেই ধারণা করেন, এটি হয়তো কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎ কিংবা নতুন কোনো প্রচারণার অংশ।
তবে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সময় শুক্রবার গভীর রাতে জায়েদ খান জানান, জোহরান মামদানি তার সঙ্গে অভিনয় করেছেন ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।
জন কবির ও সাদ আল আমীন পরিচালিত এই সিরিজটি প্রবাসী বাংলাদেশিদের জীবন, সংগ্রাম ও অভিজ্ঞতা নিয়ে নির্মিত। সিরিজটির প্রথম পর্ব গত মার্চে প্রকাশিত হয়। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২৭ মে রাত ৯টায় ‘ঠিকানা বাংলাদেশ’-এর ইউটিউব ও ফেসবুক পেজে।
জায়েদ খান বলেন, ‘জোহরান মামদানি সরাসরি আমার সঙ্গে এই শর্টফিল্মে অভিনয় করেছেন। তার সঙ্গে কাজ করতে পারা শুধু ব্যক্তিগত গর্ব নয়, আমি মনে করি এটি বাংলাদেশের লাল-সবুজ পতাকারও গর্ব।’
মেয়রকে প্রজেক্টটিতে যুক্ত করার পেছনের গল্পও তুলে ধরেন এই অভিনেতা। তিনি জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ঠিকানা’-এর রুহিন হোসেন ও তার স্ত্রী আনুভা শাহীন হোসেন প্রথমে মামদানির কাছে ই-মেইল করেন। সেখানে জায়েদ খান ও পুরো প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানানো হয়। পরে মেয়রের কার্যালয় থেকে সময় দেওয়া হলে নির্ধারিত দিনেই শুটিং সম্পন্ন হয়।
জায়েদের ভাষ্য, বিশ্বজুড়ে পরিচিত ও ব্যস্ত একজন মেয়র হওয়া সত্ত্বেও শুটিং সেটে জোহরান মামদানি ছিলেন অত্যন্ত আন্তরিক। তিনি পরিচালকের নির্দেশনা মনোযোগ দিয়ে অনুসরণ করেছেন এবং পুরো কাজটি উপভোগও করেছেন।
সব মিলিয়ে, পোস্টার ঘিরে যে রহস্য তৈরি হয়েছিল, তার উত্তর এখন পরিষ্কার। এটি কোনো সৌজন্য সাক্ষাৎ নয়; বরং একই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের সূত্রেই একসঙ্গে দেখা যাবে জায়েদ খান ও জোহরান মামদানিকে।


