টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ধনবাড়ী উপজেলার নল্লার বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নম্বর চর এলাকার মোহাম্মদ জিন্নাত আলীর ছেলে আল-আমিন (৩০), চর পালিশা গ্রামের মোহাম্মদ আমিনুল হকের ছেলে স্বপন মিয়া (৩৫) এবং জামালপুর সদর উপজেলার হাসিল মনিকা বাড়ির নূর ইসলামের ছেলে মোহাম্মদ জুয়েল (৩২)।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ জানান, জামালপুর থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নল্লার বটতলা এলাকায় পৌঁছালে জামালপুরগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক, মোটরসাইকেলের চালক ও এক আরোহী নিহত হন। গুরুতর আহত আরেক আরোহীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


