‘লন্ডনে মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক পছন্দ হয়নি বলে একটি দল “নারাজ” হয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে হাজির হয়নি’, এমন সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাজধানীর উত্তরায় দলীয় সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করেই এমন কথা বলেন তিনি।
জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম দিনের বৈঠক মঙ্গলবার জামায়াত নেতারা ‘বয়কট’ করলেও বুধবার দ্বিতীয় দিনে তারা এ বৈঠকে অংশ নেন।
ফখরুল আরো বলেন, ‘সংঘর্ষে না গিয়ে দুই নেতা শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। রাষ্ট্রনায়ক সব সময় জনগণের শান্তির কথা চিন্তা করে কোনো বিভাজনে না গিয়ে আমাদের একটা শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। অনেকের পছন্দ হয়নি। কারণ নির্বাচন হলেই তাদের বিপদ।’
‘এখন নির্বাচন নেই তাই তাদের অনেক গুরুত্ব। নির্বাচন হলে জনগণের ভালোবাসার দল ক্ষমতায় এলে তাদের গুরুত্ব কমে যাবে, এটা তারা জানে। যে কারণে “ওরা নারাজ” হয়েছে। এ জন্য জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তারা হাজির হয়নি’, যোগ করেন তিনি
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগের মতো আচরণ করে, জোর করে অধিকার হরণ করে, চাঁদাবাজি করে- তারা তো আওয়ামী লীগের মতো হয়ে যাবে। এগুলো করা যাবে না। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। আওয়ামী লীগের আগের মতো দুঃশাসন চাই না।’


