জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, জুলাই আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম, আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোন ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।’
দেশজুড়ে জুলাই পদযাত্রার ২৬তম দিনে কিশোরগঞ্জের পুরানথানায় শনিবার আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এদিন জেলার পুরাতন স্টেডিয়াম থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা শেষে পথসভায় অংশ নেন তিনি।
নাহিদ ইসলাম কিশোরগঞ্জের সন্তান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাম উল্লেখ না করেই বলেন, ‘আপনাদের এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিল।’
‘অন্তর্বর্তী সরকার আশাহত করেছে’ উল্লেখ করে এনসিপি নেতা নাহিদ বলেন, ‘আমরা নতুন সরকার পেলেও নতুন দেশ পাইনি। আওয়ামী ফ্যাসিস্টরা এখনও লুকিয়ে আছে। শহীদ পরিবার ও তাদের স্বজনদের হুমকি-ধামকি দিচ্ছে। তারা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে।’
এ সময় তিনি গণঅভ্যুত্থানের এক বছর পরও মানুষের অধিকার আদায় হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘সমাজে চাঁদাবাজ এবং সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে। এ জন্য আমাদেরকে আবারও রাস্তায় নামতে হয়েছে। এ সময় তিনি মৌলিক সংস্কার করে জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান।
‘বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে জনতার দুয়ারে’-এ স্লোগানে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন দলের সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, সংগঠক (উত্তরাঞ্চল) খায়রুল কবির, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন প্রমুখ।
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব ডা. তাসলিম জারাসহ অন্যরা উপস্থিত ছিলেন।


