জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস এবার হাজির হচ্ছেন গায়ক পরিচয়ে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমার–এর জনপ্রিয় দুটি গান নতুন আয়োজনে প্রকাশ করতে যাচ্ছেন তিনি। গান দুটি প্রকাশ করা হবে ‘ফ্যান্টম ক্রিয়েশন’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
দেবাশীষ বিশ্বাস জানান, ছোটবেলা থেকেই তিনি কিশোর কুমারের ভক্ত। ব্যস্ততার কারণে পরিকল্পনাটি বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও এবার সেটি পূর্ণতা পাচ্ছে। ঈদের বিশেষ উপহার হিসেবে তিনি কণ্ঠ দিয়েছেন কিশোর কুমারের গাওয়া দুটি কালজয়ী গান— ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘আজ এই দিনটাকে’।
তিনি বলেন, ‘আপনারা জানেন, আমি টুকটাক গান করি। দেশ-বিদেশে কণ্ঠশিল্পী হিসেবে অনেক শো করেছি। ছোটবেলা থেকেই কিশোর কুমার জির ভক্ত আমি। অনেক আগেই তার কিছু কালজয়ী গান নতুন সঙ্গীতায়োজনে নিজের কণ্ঠে ধারণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। মাঝখানে সময় লেগেছে, তবে আর দেরি নয়।’
‘চিরদিনই তুমি যে আমার’ গানটির নতুন সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম এবং ‘আজ এই দিনটাকে’ গানটির সঙ্গীতায়োজন করেছেন রানা আখন্দ। গান দুটির ভিডিও নির্মাণের দায়িত্বও নিজেই পালন করছেন দেবাশীষ বিশ্বাস।
জানা গেছে, সিলেটের বিভিন্ন মনোরম লোকেশনে গান দুটির চিত্রায়ন হবে। ভিডিওতে মডেল হিসেবে থাকবেন আসিফ নূর ও জেরিন রহমান। কোরিওগ্রাফিতে থাকছেন হাবিব।
দেবাশীষ বিশ্বাস আশা প্রকাশ করে বলেন, চাঁদরাতেই গান দুটি দর্শকদের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।


