ইউজিসির কর্মশালা মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইউজিসির কর্মশালা মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Advertisement
Advertisement

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও টেকসই করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মঙ্গলবার ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এক জাতীয় কর্মশালার আয়োজন করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটিই তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ। অনুষ্ঠানে শিক্ষাবিদ, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, ইউজিসি সদস্যবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নীতিনির্ধারক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেবেন।

আরও পড়ুন

উদ্বোধনী পর্বের পর দিনব্যাপী পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানযোগ্যতা ও সফট স্কিল উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সুশাসন ও সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা ও সুপারিশ প্রণয়ন করা হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষার মানোন্নয়নে একটি বাস্তবায়নযোগ্য নীতিগত পথনকশা তৈরি করা হবে বলে জানিয়েছে ইউজিসি।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য মো. আখতার হোসেন খান।

উল্লেখ্য, এই কর্মশালা উপলক্ষে সোমবার বিকেলে ইউজিসি ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ জানান, উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংবাদ সম্মেলনে মঞ্জুরি কমিশনের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর