প্রবীণ নাট্যজন ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আতাউর রহমান, যিনি ‘মঞ্চসারথি’ নামে অধিক পরিচিত, বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
তিনি বলেন, ‘ভাইয়ার অবস্থা বেশ সংকটাপন্ন। তার পরিবারের সদস্যরা তার জন্য দোয়া চেয়েছেন’’
পরিবারের সদস্যরা গণমাধ্যমে জানিয়েছেন, পড়ে গিয়ে গুরুতর আহত হওয়ার পর সৃষ্ট জটিলতায় গত ১০ দিন ধরে তিনি লাইফ সাপোর্টে আছেন।
আতাউর রহমানের মেয়ে শর্মিষ্ঠা রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চিকিৎসকরা এখন খুব একটা আশাবাদী নন। মহান আল্লাহর অলৌকিক করুণার অপেক্ষায় আছি আমরা। এই ১০ দিনের মধ্যে কয়েক দিন তার অবস্থার সামান্য উন্নতি হয়েছিল। কিন্তু পরে আবার অবস্থার অবনতি হয়। গতকাল থেকে তিনি আবার ভেন্টিলেশনে আছেন। সবার কাছে বাবার জন্য দোয়া চাই।’
বাংলাদেশের গ্রুপ থিয়েটার আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচিত আতাউর রহমান। তিনি ‘নাগরিক নাট্য সম্প্রদায়’-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন এবং দেশের আধুনিক মঞ্চনাটকের বিকাশে কয়েক দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
নাট্যাঙ্গন ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০১ সালে একুশে পদক লাভ করেন। পরে ২০২১ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকেও ভূষিত হন।
দীর্ঘ কর্মজীবনে আতাউর রহমান ‘রক্তকরবী’, ‘ওয়েটিং ফর গডো’, ‘শাজাহান’ ও ‘গ্যালিলিও’-সহ বহু উল্লেখযোগ্য নাটক নির্দেশনা ও রূপান্তর করেছেন। এছাড়া তিনি আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের বাংলাদেশ কেন্দ্রের মহাসচিব এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


