বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে রিট খারিজ

বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে রিট খারিজ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, এ বিষয়ে রিটে রুল চাওয়া হয়েছিল। রুল জারি হলে সেটি বিচারাধীন অবস্থায় নির্বাচিত কমিটি ভেঙে গিয়ে অ্যাডহক কমিটি গঠন সংক্রান্ত ৭ এপ্রিলের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছিল। আদালতে বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।

গত ৩০ এপ্রিল সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়। রিটে যুব ও ক্রীড়াসচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ বিসিবির অ্যাডহক কমিটির সভাপতিকে বিবাদী করা হয়।

আরও পড়ুন

জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ২১ ধারা অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে, যেমন কোনো কমিটি যথাযথভাবে দায়িত্ব পালনে অসমর্থ হলে বা স্বার্থবিরোধী কোনো কার্যক্রম পরিচালনা করলে সেক্ষেত্রে অ্যাডহক কমিটি গঠন করা যায়। তবে বিসিবির নির্বাচিত কমিটির বিরুদ্ধে এমন কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তবু আইনের ওই বিধান যথাযথভাবে অনুসরণ না করে নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যা আইনসম্মত নয়। এ কারণে রিটটি করা হয়।

আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে।

গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান। আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান কমিটিতে আছেন। অ্যাডহক কমিটির সদস্য রাশনা ইমাম বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী। মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু যথাক্রমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে। কমিটিতে আরও আছেন তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর