নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে শিশুসহ একই পরিবারের চার জনকে গলা কেটে ও মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)।
নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে এবং তাদের সন্তান পারভেজ ও সাদিয়াকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে সোমবার রাত ৮টার দিকে তিনি বাড়ি ফেরেন। তার কাছে গরু বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা ছিল।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই টাকা লুট করার জন্য পরিবারের সবাইকে হত্যা করেছে। এ ছাড়া বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে গেছে তারা।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতি করার উদ্দেশে দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করেছিল। ডাকাতি করার পর পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে ওই বাড়ির সদস্যদের হত্যা করেছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।


