চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় লেবাননের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সিমন কারাম।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে লেবাননের রাষ্ট্রপতির দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রে সাবেক রাষ্ট্রদূত সিমন কারামের নেতৃত্বে লেবাননের প্রতিনিধিদল গঠিত হবে।
কার্যালয় জানায়, এই আলোচনার লক্ষ্য হলো সংঘাত বন্ধ করা, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা থেকে ইসরায়েলের দখল তুলে দেওয়া এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষিণ সীমান্তে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা।
বিবৃতিতে আরও জানানো হয়, এই মিশনে লেবাননের পক্ষে অন্য কেউ অংশ নেবে না বা তাদের জায়গা নেবে না। সেখানে জোর দিয়ে বলা হয়, আলোচনায় লেবাননকে প্রতিনিধিত্ব করার একক ক্ষমতা এই প্রতিনিধিদলের কাছেই থাকবে।
বৃহস্পতিবার ওয়াশিংটনে বৈঠকে বসবেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ছয় সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধে গত শুক্রবার থেকে বিরতি দেওয়া হয়। দ্বিতীয় দফার এই আলোচনা হবে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দুই দেশের মধ্যে হওয়া প্রথম বৈঠক।
এর আগে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয় গত ১৪ এপ্রিল। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার এবং ওয়াশিংটনে লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াওয়াদের মধ্যে প্রথম দফার আলোচনা আয়োজন করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কয়েক দশকের মধ্যে এটিই ছিল দুই দেশের মধ্যে প্রথম সরাসরি বৈঠক।


