বিশ্বকাপের জমজমাট লড়াইয়ের মাঝে বড়সড় ধাক্কা খেল মরক্কো। ধর্ষণের অভিযোগে আদালতে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন দলের অধিনায়ক তথা ফরাসি ক্লাব পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি। ফরাসি সরকারি কৌঁসুলিরা এই ফুটবল তারকার বিচারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। এক তরুণী অভিযোগ করেন, প্যারিসে হাকিমির বাসায় তিনি ধর্ষণের শিকার হয়েছেন। তখন তার বয়স ছিল ২৪ বছর। এরপর ২০২৩ সালের মার্চ মাসে প্যারিসের নানতান্তের সরকারি প্রসিকিউটরের কার্যালয় ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্তের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন তদন্তকারী বিচারক।
ফরাসি গণমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি এই বিচারপ্রক্রিয়া বাতিলের জন্য হাকিমি একটি আপিল করেছিলেন, যা আদালত খারিজ করে দিয়েছেন।
২৭ বছর বয়সী হাকিমি অবশ্য শুরু থেকে তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করে আসছেন। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মরক্কোকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার। মাঠের লড়াইয়ে নামার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই ডিফেন্ডার।
হাকিমি লিখেছেন, ‘বিচারব্যবস্থা যেন আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল, ‘তুমি যদি বিখ্যাত না হতে, তবে এই মামলা কখনো হতো না।’ আমি বছরের পর বছর চুপ ছিলাম। ভেবেছিলাম মর্যাদা ধরে রাখা, ধৈর্য ধরা আর বিচারব্যবস্থার ওপর আস্থা রাখলে সঠিক সিদ্ধান্ত আসবে। আমার পরিবার, আমার জীবন এবং সর্বোপরি সত্যের বিনিময়ে এমন এক গল্প ছড়ানো হচ্ছে, যা আমার নয়। মাঝেমধ্যে মনে হয়, আমি খুব সহজ লক্ষ্যবস্তু হয়ে গেছি। প্রথম দিন থেকে এই বিচারের অপেক্ষায় ছিলাম, এখনো আছি। অবশেষে নিজের কথা বলতে পারব।’
অন্যদিকে ভুক্তভোগী তরুণীর আইনজীবী র্যাচেল-ফ্লোর পার্দো এক বিবৃতিতে স্বস্তি প্রকাশ করে বলেন, ‘তিন বছরের বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ের পর এই সিদ্ধান্ত আমার মক্কেলের মনে আশা জাগিয়েছে। হাকিমির আইনজীবীরা আমার মক্কেলের মানহানি করেছে, কাদা ছুড়েছে। তবে এই সিদ্ধান্তের পর সে স্বস্তি পেয়েছে যে বিচারব্যবস্থা তার কথা শুনেছে। আমরা আশা করি, এই বিচার অন্য নারীদেরও সাহায্য করবে এবং পুরুষ ফুটবলের দুনিয়ায় যৌন সহিংসতাকে কেন্দ্র করে গড়ে ওঠা অস্বীকার ও দায়মুক্তির দেয়াল ভেঙে দেবে।’
অবশ্য আদালতে এই বিচার কবে থেকে শুরু হবে, তার সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এবারের বিশ্বকাপে মরক্কোর গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। মরক্কো দলও বর্তমানে সেখানে অবস্থান করছে। তবে দল যদি নকআউট পর্বে ওঠে এবং তাদের ম্যাচগুলো যদি যুক্তরাষ্ট্রের বাইরে কানাডা বা মেক্সিকোতে পড়ে, তখন হাকিমির সেখানে প্রবেশ করা নিয়ে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে।
ঠিক একই কারণে গত সপ্তাহে ঘানার মিডফিল্ডার টমাস পার্টি কানাডায় প্রবেশ করতে পারেননি। ফলে পানামার বিপক্ষে দলের উদ্বোধনী ম্যাচটি মিস করতে হয় ৩২ বছর বয়সী এই ফুটবলারকে। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে চারজন নারীর আনা সাতটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগে আগামী বছর পার্টির বিচার শুরু হওয়ার কথা রয়েছে।
কানাডা সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে স্পষ্ট বলা আছে, কোনো ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িত থাকলে বা অপরাধী সাব্যস্ত হলে তাকে দেশে প্রবেশাধিকার না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।


