রোহিঙ্গা ক্যাম্পের বাথরুমে পুলিশ সদস্যের লাশ

রোহিঙ্গা ক্যাম্পের বাথরুমে পুলিশ সদস্যের লাশ
নিহত পুলিশ সদস্য। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরের পুলিশ ক্যাম্পের বাথরুম থেকে রুবেল হোসেন (৩১) নামে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাথরুমে থাকা অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) অথবা পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।

নিহত রুবেল সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার সময় বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে ওই বাবুর্চি দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে, জানালা দিয়ে ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন। এ সময় ক্যাম্পের সদস্যরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে ১৪ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ রিয়াজ আমীন, সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানার পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে বন্ধ থাকা স্টিলের দরজা কেটে রুবেলকে মৃত অবস্থায় উদ্ধার করেন। বাথরুম থেকে তার ব্যবহৃত গোসলের তোয়ালে, টর্চলাইট, মোবাইল ফোন এবং সিগারেট উদ্ধার করা হয়।

ওই আশ্রয়শিবিরে দায়িত্বরত ১৪ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ রিয়াজ আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad