ইসলাম ধর্ম বিদ্বেষী কথাবার্তা ও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির মামলায় তিতুমীর কলেজের শিক্ষার্থী বিশ্বজিৎ চন্দ্র বর্মনকে (২১) দুইদিনের রিমান্ড দিয়েছে আদালত। সোমবার এ আদেশ দেন ঢাকা অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদলত।
এদিন, আসামির পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
মামলার এজাহারে জানা যায়, আসামি ফেক ফেসবুক আইডি থেকে মহানবীকে (সা.) উদ্দেশ্য করে আপত্তিকর ও ধর্ম বিদ্বেষমূলক মন্তব্য পোস্ট করেন। পাশাপাশি মেসেঞ্জারে কথোপকথনে আসামি বিভিন্ন সময় ইসলামের প্রতি কটূক্তিমূলক মন্তব্য করেছেন, যা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে করা হয়। পরবর্তীতে অভিযুক্তকে শনাক্ত করে ২৬ নভেম্বর কলেজ ক্যাম্পাসে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন অন্য শিক্ষার্থীরা। এ সময় তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি এবং স্বীকার করেন যে, ‘Fariya Akter’ নামে আইডিটি তিনি ব্যবহার করতেন।
ঘটনার সময় উত্তেজিত শিক্ষার্থীদের হামলায় আহত হন বিশ্বজিৎ। পরে তাকে হেফাজতে নেয় বনানী থানা পুলিশ।


