বিশ্বশান্তি রক্ষায় সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ছয় বীর সেনাকে জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ দেওয়া হচ্ছে।
আগামী ৫ জুন জাতিসংঘ সদর দপ্তরে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশি শান্তিরক্ষীদের মরণোত্তর পদকে সম্মানিত করা হবে। অনুষ্ঠানে অন্যদের হাতে ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ তুলে দেবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এ বছর মোট ৬৮ জন শান্তিরক্ষী (সামরিক, পুলিশ ও বেসামরিক) মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাবেন। তাদের মধ্যে ৫৯ জন ২০২৫ সালে প্রাণ হারিয়েছেন।
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে প্রাণ হারানো ও পদক পেতে যাওয়া বাংলাদেশি সেনেরা হলেন- প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট শান্ত মন্ডল।
২০২৫ সালের ১৩ ডিসেম্বর দক্ষিণ সুদানের আবেই শহরে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীতে কর্মরত অবস্থায় একটি ড্রোন হামলায় তারা সবাই নিহত হন।


