ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় মামলা হয়েছে।
রোববার রাতে পল্টন থানায় এই মামলা দায়ের করা হয়।
পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান জানান, গুলির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী হিসেবে হাদির এক আত্মীয়কে উল্লেখ করা হলেও তার নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। মামলাটির তদন্ত দায়িত্বে রয়েছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।
এর আগে শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে চলন্ত রিকশায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়।
এতে হাদির মাথায় গুলি লাগে। দ্রুত তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।
সেখান থেকে সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। সিঙ্গাপুর থেকে এদিন সকাল সাড়ে দশটায় এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। পরে বেলা দেড়টায় সেটি হাদিকে নিয়ে রওনা দেবে বলে জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশনের এক্সিকিউটিভ ডিরেক্টর।


