বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে দলটির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তরুণদের মনের কথা জানতে হবে, তাদের কথা শুনতে হবে। তাদের কথা না শুনে দেশ গড়া যাবে না।’
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের ইপিজেড থানার আকবর আলী রোডের বেড়িবাঁধসংলগ্ন এলাকায় ‘ইউথ টক’ শিরোনামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে তিনি তরুণদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের ভাবনা, প্রত্যাশা ও চাহিদার কথা শোনেন।
আমীর খসরু বলেন, ‘তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো, তাদের নিয়ে নীতি প্রণয়ন করবো—কিন্তু তরুণদের মনের কথা শুনবো না, এটা তো হতে পারে না। আমাদের জানতে হবে তারা কী ভাবছে, তাদের চাহিদা কী, কোন কোন জায়গায় আমরা ভালো কিছু করতে পারি। এখান থেকে আমিও অনেক কিছু শিখে গেলাম।’
তিনি বলেন, ‘দেশ গড়তে হলে সবাইকে সঙ্গে নিয়ে গড়তে হবে, সবার কথা শুনতে হবে ও বুঝতে হবে। নাগরিকদের মনের কথা না শুনে দেশ চালানো যায় না। এটা অংশগ্রহণমূলক গণতন্ত্রেরই অংশ। শুধু রাজনীতি নয়, অর্থনীতি, খেলাধুলা ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রকে গণতান্ত্রিক করতে হবে।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, সদস্য সরফরাজ কাদের রাসেল, বিএনপি নেতা মো. আশরাফ, ডা. ফারহানাজ মাবুদ সিলভীসহ বিভিন্ন পেশার তরুণরা।
অনুষ্ঠান শেষে আমীর খসরু নিউমুরিং, পোর্ট কলোনি ও ইস্ট কলোনি এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, ‘দেশ যখনই সংকটে পড়েছে, যে কোনো ক্রান্তিলগ্নে বিএনপি সংকট উত্তরণে কাজ করেছে এবং সব সময় জনগণের পাশে থেকেছে।’
এর আগে তিনি ৩৮ নম্বর দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ডের বেগম জান স্কুল মাঠে আয়োজিত একটি ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


