ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর সাত দিন। সে হিসেবে অন্তর্বর্তী সরকারের মেয়াদও প্রায় শেষের দিকে। নির্বাচনের পর কবে নাগাদ নতুন সরকারকে বুঝিয়ে দেওয়া হবে দায়িত্ব, কেমন হবে সেই প্রক্রিয়া তা নিয়ে আলোচনার মধ্যেই সরকারের পক্ষ থেকে এ সম্পর্কে ধারণা দেওয়া হলো।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। এই পুরো প্রক্রিয়াটি তিন দিনের মধ্যেই সম্পন্ন হতে পারে। অর্থাৎ ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই হতে পারে। আমার মনে হয় না এটি ১৭, ১৮ ফেব্রুয়ারির পরে যাবে।’
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদারও জানান, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
তিনি বলেন, ‘দেশে অপপ্রচার চালানো হচ্ছে যে, সরকার ১৮০ কার্যদিবস তার ক্ষমতা ধরে রাখবে। যারা এই অপপ্রচারটা চালাচ্ছে তাদের উদ্দেশ্যটা হচ্ছে অসৎ এবং উদ্দেশ্যমূলক। তারা এটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা মনে করি যে, এ বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’


