দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে ১ হাজার ২৮ জন আক্রান্ত হয়েছেন যার মধ্যে ৯৪২ জন সন্দেহজনক রোগী ও ৮৬ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এই রোগী শনাক্ত হয়।
অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে।
তবে, গত এক দিনে ল্যাব নিশ্চিত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৩৫ জনেই রয়েছে।এতে করে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২১৩ জনে।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪০৯ জনে। এর মধ্যে ৩ হাজার ২৭৮ জনের সংক্রমণ পরীক্ষায় নিশ্চিত হয়েছে।
এ সময়ে আক্রান্তদের মধ্যে ১৪ হাজার ৫২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৭৫১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের প্রতিবেদনে বরগুনা জেলায় ভুলবশত দুই রোগীর মৃত্যুকে নিশ্চিত মৃত্যু হিসেবে দেখানো হয়েছিল। আজকের প্রতিবেদনে তা সংশোধন করা হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৫০৬ জন সন্দেহজনক এবং ৮১ জন নিশ্চিত রোগী পাওয়া গেছে।
রাজশাহীতে ২০৮ জন, চট্টগ্রামে ৯২ জন, বরিশালে ৫০ জন, খুলনায় ৪৫ জন, সিলেটে ৩৩ জন, ময়মনসিংহে ৫ জন এবং রংপুরে ৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত মৃত্যুর হিসাবেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। সেখানে ৮২ জন সন্দেহজনক এবং ২১ জন নিশ্চিত রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান ও মেডিকেল অফিসার ডা. লামিয়া তাসনীমের সই করা বিজ্ঞপ্তিতে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। একই সঙ্গে জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।


