দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫০ জন ডেঙ্গু রোগী।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ১০২ জন ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যাতীত), ৬৪ জন বরিশাল বিভাগে, ৬৬ জন খুলনা বিভাগে, ৫১ জন চট্টগ্রাম বিভাগে, ৪৪ জন রংপুর বিভাগে, ১৯ জন ময়মনসিংহ বিভাগে এবং ১১ জন রাজশাহী বিভাগে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা উত্তর সিটিতে ১৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১ জন রোগী রংপুর বিভাগের (সিটি করপোরেশন ব্যাতীত) বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১ জানুয়ারি ২০২৬ থেকে ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ২০ জন। যার মধ্যে পুরুষ ৮ হাজার ৩৭০ জন (৬১ দশমিকি ৩ শতাংশ) এবং নারী ৪ হাজার ৬৪৮ জন (৩৮ দশমিক ৭ শতাংশ)।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে, যেখানে পুরুষের মৃত্যুর সংখ্যা ১৬ জন (৪১ শতাংশ) এবং নারী ২৩ জন (৫৯ শতাংশ)।
এদিকে, দেশে এ বছর ডেঙ্গুতে মোট সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ৯১১ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৭০ জন রোগী।


