মানবতার সেবায় অবদান রাখায় ২০২৫-২০২৬ সালের জন্য আন্তর্জাতিক রোটারির সম্মানজনক ‘এভিনিউ অব সার্ভিস’ পদক পেয়েছেন দেশের প্রথম ক্যানসার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ রোটারিয়ান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
বিয়াম অডিটোরিয়ামে আয়োজিত রোটারি জেলা ৬৪ ও ৬৫-এর যৌথ মেম্বারশিপ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনালের পক্ষে তার হাতে এই পদক হস্তান্তর করেন কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক গভর্নর ইশতিয়াক আবিদুজ্জামান।
এ বছর ডি-৬৪ ও ডি-৬৫ থেকে ৫ জন করে বাংলাদেশ থেকে মোট ১০ জনকে এই পদক দেওয়া হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. হাবিবুল্লাহ একজন নিবেদিত রোটারিয়ান। তিনি এর আগে ক্লাব প্রেসিডেন্ট, সহকারী গভর্নর, জেলা ক্যানসার কমিটির চেয়ারম্যান ও ডেপুটি কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন। এ বছর তিনি জেলা ৬৪-এর প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে দায়বদ্ধ রয়েছেন।
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে ৩০ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণের পর তিনি বর্তমানে প্রকল্প সমন্বয়কারী হিসেবে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল গড়ে তোলার দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া দিনাজপুরে ‘বেগম খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতাল’ প্রকল্পের অবৈতনিক উপদেষ্টা হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
পাশাপাশি তিনি বাংলাদেশ ক্যানসার ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী এবং ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশ-এর প্রধান উপদেষ্টা হিসেবে ক্যানসার প্রতিরোধ, স্ক্রিনিং ও অসচ্ছল ক্যানসার রোগীদের কল্যাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।


