২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে ও এ রোগের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫২ শিশু।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ অক্টোবর সকাল ৮টা থেকে ৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশে ১ হাজার ১১১ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে ৪৩ জনের হাম নিশ্চিত হয়েছে এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ২১ হাজার ৬৬৬ জনের হাম নিশ্চিত হয়েছে। সন্দেহজনক রোগীদের মধ্যে ১ লাখ ৭৩ হাজার ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন চিকিৎসা নিয়ে ছাড় পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকায় ৪০৭ জন। এরপর চট্টগ্রামে ২২৪, সিলেটে ১৫৮, বরিশালে ১৩৮, খুলনায় ৭৩, ময়মনসিংহে ৪৯, রংপুরে ৩৩ এবং রাজশাহীতে ২৭ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে ঢাকায় ৩৭ জন এবং রংপুরে ছয়জনের হাম নিশ্চিত হয়েছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যাতেও ঢাকা বিভাগ সবচেয়ে এগিয়ে। এ বিভাগে মোট ৮২ হাজার ৩২৬ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে ৩৮ হাজার ৯৯৮, বরিশালে ২১ হাজার ১৮৯, সিলেটে ১৬ হাজার ৫৯, খুলনায় ১২ হাজার ৮৯২, রাজশাহীতে ১০ হাজার ৬৬৩, ময়মনসিংহে ৯ হাজার ৬৭২ এবং রংপুরে ৩ হাজার ৩৯৪ জন শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক মৃত্যুর সংখ্যা আটজন। এর মধ্যে ঢাকায় আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামজনিত মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০ জন এবং নিশ্চিত মৃত্যু হয়েছে ১০২ জনের।
এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ঢাকা বিভাগে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ৪৬৩ এবং নিশ্চিত মৃত্যু ৬৫ জন। চট্টগ্রামে যথাক্রমে ৮৬ ও ১০, সিলেটে ১৭৯ ও ৩, রাজশাহীতে ৯৩ ও ৩, ময়মনসিংহে ৮০ ও ২, বরিশালে ৬০ ও ১৯, খুলনায় ৪৪ ও শূন্য এবং রংপুরে ১৫ ও শূন্য।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ১১১ জনের মধ্যে ঢাকায় ২৯৯, চট্টগ্রামে ২২৪, সিলেটে ১৫৮, বরিশালে ১৩৮, খুলনায় ৭৩, ময়মনসিংহে ৪৯, রংপুরে ৩৩ এবং রাজশাহীতে ২৫ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।


