দেশে তেলের কৃত্রিম সংকটের পেছনে দায়ী কালোবাজারি: জ্বালানি মন্ত্রী   

দেশে তেলের কৃত্রিম সংকটের পেছনে দায়ী কালোবাজারি: জ্বালানি মন্ত্রী   
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে তেলের কোনো ঘাটতি নেই, তবে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় পেট্রোল পাম্পগুলোতে সংকটের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আগে একটি পেট্রোল পাম্পে দিনে এক লরি তেল লাগতো। কিন্তু ইরান যুদ্ধকে কেন্দ্র করে মানুষ হঠাৎ বেশি করে তেল সংগ্রহ শুরু করেছে। ফলে যে তেল আগে সারাদিনে বিক্রি হতো, এখন তা দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এতে পাম্পগুলো সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে এবং অনেকেই মনে করছেন তেলের সংকট তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দেশের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) এ বিষয়ে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।’

আরও পড়ুন

এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, হঠাৎ চাহিদা বৃদ্ধির পেছনে কিছু অসাধু চক্রের কারসাজি রয়েছে। তারা তেল মজুত করে কালোবাজারে বিক্রি করছে, যা এরইমধ্যে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ধরা পড়েছে।

‘তেলের কোনো সমস্যা নেই, কিন্তু অপ্রয়োজনীয় মজুত ও কালোবাজারির কারণেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে’, দাবি করেন জ্বালানি মন্ত্রী।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছেন। সে নির্দেশ মেনেই তিনি সৌর বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে এসেছেন এবং সিরাজগঞ্জে ভবিষ্যতে আরও সোলার প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad