গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এই রোগে সারা দেশে মোট ৪০১ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২১ জন রোগী। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৮ হাজার ৭০৫ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনে বিষয়টি জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ৯৬ হাজার ৭৬০ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি রয়েছেন এক হাজার ৯৪৫ জন রোগী।
চলতি বছরের নভেম্বর মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৯৯ জন মারা যান। অক্টোবরে ৮০ জন এবং সেপ্টেম্বরে ৭৬ জনের মৃত্যু হয়।
বছরের শুরুতে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, মার্চে কোনো মৃত্যু হয়নি, এপ্রিলে সাতজন এবং মে মাসে তিনজন মারা যান। তবে, জুন থেকে মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করে। ওই মাসে ১৯ জনের, জুলাইয়ে ৪১ জনের এবং আগস্টে ৩৯ জনের মৃত্যু হয়েছে।


