সাফ উইমেন্স ফুটসাল ২০২৬-এ আজ লড়াইটা ছিল স্নায়ুর। ভারতকে হারিয়ে উড়তে থাকা বাংলাদেশের সামনে আজ বাধা হয়ে দাঁড়িয়েছিল ভুটান। ম্যাচের শুরু থেকেই দুই দল দাপুটে ফুটবল উপহার দিলেও ফিনিশিংয়ের অভাবে বারবার সুযোগ নষ্ট করছিল বাংলাদেশ। তবে নির্ধারিত সময় শেষে ৩-৩ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই পক্ষকে।
ম্যাচের প্রথমার্ধেই লিড নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেয় ভুটান। পিছিয়ে পড়ার পর আক্রমণ বাড়াতে থাকে সাবিনারা। অবশেষে মধ্যমাঠ থেকে নেওয়া এক দূরপাল্লার অসাধারণ শটে লক্ষ্যভেদ করে সমতা ফেরান সুমাইয়া মাতসুশিমা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের সমতায়। সাইদ খোদারাহমির শিষ্যরা মাঝেমধ্যে গোছানো আক্রমণ করলেও ভুটানের রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হচ্ছিল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ছন্দপতন ঘটে বাংলাদেশের। গোল করার বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করার মাশুল দিতে হয় দুটি গোল হজম করে। ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে যখন ম্যাচ হারের শঙ্কা জাগছিল, তখনই অভিজ্ঞতার পরিচয় দেন অধিনায়ক সাবিনা খাতুন। নিজের একক প্রচেষ্টায় দারুণ এক গোল করে ব্যবধান কমিয়ে দলকে ম্যাচে ফেরান তিনি। এরপর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত মাসুরা পারভীনের গোলে ৩-৩ সমতায় ফেরে লাল-সবুজের দল। ম্যাচের অন্তিম মুহূর্তে দুদলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে লড়লেও স্কোরলাইন আর বদলায়নি।
ভারতের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর আজকের এই ড্র বাংলাদেশের আত্মবিশ্বাস ধরে রাখতে সাহায্য করবে। উল্লেখ্য, ভুটান তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। নিজেদের তৃতীয় ম্যাচে আগামী সোমবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা এই টুর্নামেন্টে পাঁচ ম্যাচ শেষে শীর্ষ পয়েন্টধারী দলই চ্যাম্পিয়ন হবে।


