নির্বাচনের আগের রাতে কিছু এলাকায় সহিংসতা ও আতঙ্কের ঘটনার অভিযোগ থাকলেও সার্বিকভাবে শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার মতে, তরুণ ভোটাররাই এবারের বিজয়ী নির্ধারণ করবেন।
তিনি বলেন, ‘গতকাল রাতে কিছু জায়গায় সহিংসতা এবং আতঙ্ক তৈরি হলেও সকাল থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবে ভোটগ্রহণ চলছে। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। আমার প্রত্যাশা থাকছে যে সারাদিন মানুষ সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে।’
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রে ঢাকা-১০ আসনের ভোটার হিসেবে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নিজের ভোটাধিকার প্রয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘২০০৮ সালের পর যদি ধরি বাংলাদেশে আবারও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি ভোটার হয়েছিলাম, ভোটার ছিলাম আগে দুইটা নির্বাচনে কিন্তু ভোট দিতে পারিনি। এবারই ঢাকা ১০ আসনের ভোটার হিসেবে প্রথম ভোট দিতে পারলাম।’
তরুণ ভোটারদের অংশগ্রহণকে এবারের নির্বাচনের গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরে আসিফ মাহমুদ জানান, এবার প্রায় চার কোটি তরুণ প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। পাশাপাশি যারা দীর্ঘ সময় ভোটাধিকারের বাইরে ছিলেন, মা-বোনসহ সবাই এবার নির্ধারণ করবেন কারা নির্বাচিত হবেন।
সকলের নিরাপদ ভোট নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সারাদেশে মানুষ ভোট দিতে গিয়ে যেন সুষ্ঠুভাবে নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই উদ্দেশ্যে বারবার আমরা আহ্বান জানাচ্ছি।’


