দুর্গাপূজা উপলক্ষে বুধবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেশব্যাপী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি এ কথা বলেন।
সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে।
তিনি বলেন, ‘পূজা একটি ধর্মীয় পবিত্র অনুষ্ঠান, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’
‘এ বছর দুর্গাপূজায় প্রতিমা ভাঙার সংখ্যা অনেক কমে গেছে। যেসব এলাকায় প্রতিমা ভাঙার ঘটনা ঘটেছে, সেগুলো সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে,’ বলেন উপদেষ্টা।
তিনি আরো বলেন, ‘বিভিন্ন রুটে আমাদের দেশে মাদক প্রবেশ করছে, কিন্তু এর পরিবর্তে চাল, সার ও ওষুধ চলে যাচ্ছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রাম রুটেই নয়, বরিশাল ও বরগুনার সমুদ্র নিকটবর্তী নৌরুটেও চাল ও সার চলে যাচ্ছে।’
উপদেষ্টা বলেন, ‘আরাকান আর্মি মাদকের ওপর ভিত্তি করে বেঁচে আছে এবং সরকার মাদকের প্রবাহের বিষয়ে সতর্ক রয়েছে। বর্তমানে মাদক ব্যাপকভাবে ধরা পড়ছে, ফলে মাদকের দামও বেড়ে গেছে।’
‘সারা দেশে কৃষকরা আলুর দাম পাচ্ছে না। যদি কৃষকরা ন্যায্যমূল্য না পান, তাহলে তারা ভবিষ্যতে আলু চাষ বন্ধ করে দিতে পারেন, যার ফলে আলুর দাম আরও বাড়বে,’ উল্লেখ করেন তিনি।


