আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা অটুট রাখা এবং স্থানীয় পর্যায়ে সংসদ সদস্যদের সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে যেন কোনো দূরত্ব তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারম্যানের সভাপতিত্বে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।
সভায় আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তারেক রহমান।
তিনি বলেন, একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের ঐক্য ও শৃঙ্খলা অটুট রাখা এবং স্থানীয় পর্যায়ে সংসদ সদস্যদের সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের যেন কোনো দূরত্ব তৈরি না হয়।
তারেক রহমান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা ও রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দেন।
মির্জা ফখরুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রশংসা করে তারেক রহমান বলেন, দুঃসময়ে অসীম সাহসিকতার সঙ্গে তিনি দলের নেতৃত্ব দিয়েছেন এবং প্রতিকূল পরিস্থিতিতে কঠোর সংগ্রাম চালিয়ে গেছেন।
বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সবাইকে সুসংহত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় তৃণমূলের সঙ্গে সাংগঠনিক সমন্বয় জোরদার করার নির্দেশ দেন তারেক রহমান।
তিনি স্পষ্ট করেন, স্থানীয় সরকার নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং কোনোভাবেই দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না। স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্য ও যোগ্য ব্যক্তিদের পাশে থাকার নির্দেশ দেন তিনি।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেনসহ দলের সংসদ সদস্যরা।


